গাজীপুর সংবাদদাতা :
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি সাকিব। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাওজোড় এলাকায় তিনতলা একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ তৈরি করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। ওই কক্ষগুলোর একটিতে সাকিবসহ কয়েকজন শ্রমিক বসবাস করতেন।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে কক্ষটির দরজা-জানালাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে সাকিব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সেপটিক ট্যাংকে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যেতে পারে।
দেশ বাংলা টিভি ডেক্স